Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

টাঙ্গাইলে ধর্ষণচেষ্টার মামলা না নেওয়ায় পুলিশের বিরুদ্ধে রিট

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুর থানায় দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা গ্রহণ না করার ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম এ রিট দায়ের করেন।

তিনি বলেন, রিট আবেদনটির ওপর আগামী সপ্তাহে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর টাঙ্গাইলের নাগরপুরে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে এক ওই স্কুলছাত্রীর ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ ওঠে মতিউর রহমান নামের এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে। এ ঘটনা ২২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলায় নেয়নি বলে অভিযোগ করেছেন ওই ছাত্রীর বাবা। তাই বাধ্য হয়ে গত ৬ অক্টোবর বিকেলে তিনি মেয়েকে নিয়ে টাঙ্গাইল আদালতে যান মামলা দায়ের করতে।

মেয়ের বাবা জানান, হাসপাতালে নেয়ার পর তার আঘাতের স্থানে ২৫টি সেলাই করা হয়েছে। তিনি নিজে বাদী হয়ে ঘটনার পরদিন নাগরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের কাগজটি রেখে দিলেও পুলিশ মামলা রেকর্ড করেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version