Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্ষণে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার

নিউজ ডেস্কঃচাঁদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জাকির হোসেন ব্যাপারী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে সদর উপজেলার রঘুনাথপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ওই ছাত্রীর মা কয়েক বছর আগে দুটি সন্তান রেখে বাপের বাড়ি চলে যায় এবং ছাত্রীর বাবা নারায়ণগঞ্জে কাঁচামালের ব্যবসা করেন। বাড়ি খালি থাকায় জাকির হোসেন ওই ছাত্রীকে বেশ কয়েকবার ধর্ষণ করে।

এক পর্যায়ে ওই ছাত্রী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বাধ্য হয়ে পরিবারকে জানায়। বুধবার দুপুরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়।

এদিকে ঘটনা জানাজানি হলে ধর্ষক জাকির হোসেন ৪০ হাজার টাকায় ব্যাপারটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে বলেও অভিযোগ আছে। ওই ছাত্রীর বাবা এতে রাজি না হওয়ায় তার বড় ভাই বাদশাও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি প্রদর্শন করেন।

ছাত্রীর বাবা বলেন, বাড়িতে একা পেয়ে আমার মেয়েকে সে ধর্ষণ করেছে। তারা আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে যায় এবং টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করতে চায়। কিন্তু আমি এর বিচার চাই।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম জানান, ইতোমধ্যে আসামিকে আটক করা হয়েছে। ধর্ষণের অভিযোগ পাওয়ার পর ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version