Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানুষের ঢল

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারাদেশে ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে শুরু হয়েছে মহাসমাবেশ। সারাদেশে অব্যাহত ধর্ষণ ও বিচারহীনতার প্রতিবাদে ও স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবিতে এ মহাসমাবেশ শুরু হয়। সমাবেশে নানা পেশার নানা শ্রেণির অসংখ্য মানুষ অংশ নিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল পৌনে ৪টায় রাজধানীর শাহবাগে মহাসমাবেশ শুরু হয়। ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধে সরকারের বিরুদ্ধে ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনে এ ‘মহাসমাবেশের’ ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’।

সমাবেশের শুরুতে ছোট ছোট মিছিলে জমায়েত হয় আন্দোলনকারীরা। নানা স্লোগান লেখা প্লেকার্ড হাতে নিয়ে সমাবেশে আসেন তারা। সমাবেশের শুরুতে, গান, কবিতা আবৃতি, পথনাটক ও স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ। আন্দোলনকারীরা মুখে ও শরীরে নানা  স্লোগান লিখে ধর্ষণের প্রতিবাদ করে। এ সমাবেশে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকেও আন্দোলনকারীরা এসে যোগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। গতকালের সমাবেশ থেকে আজ শুক্রবার বিকেল ৩টায় শাহবাগে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই মহাসমাবেশে সব শ্রেণির মানুষকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version