নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ধর্ষণ ও যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ সাংবাদিক সম্মেলন করে। সোমবার দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মহিলা পরিষদ উপজেলা শাখা ওই সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উপলক্ষে পক্ষকাল ব্যাপী তাঁদের কর্মসূচি ঘোষণা করে। বাংলাদেশ মহিলা পরিষদের সখীপুর উপজেলা শাখার সভাপতি মোসলিমা খাতুন কর্মসূচি পাঠ করেন ও ওই পরিষদের নানাবিধ কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন। তাঁদের কর্মসূচির অংশ হিসেবে সোমবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবসের ( ২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) প্রথম দিনে সাংবাদিক সম্মেলন করা হয়। এছাড়াও ৫ ডিসেম্বর মানববন্ধন, ৯ ডিসেম্বর রোকেয়া দিবস পালন ও ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক মোসলিমা খাতুন ছাড়াও সাধারণ সম্পাদক ও সখীপুর আবাসিক মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান বিলকিস আক্তার লতা, অর্থ সম্পাদক লাইলী আক্তার, প্রচার সম্পাদক রাশেদা রাশু, দপ্তর সম্পাদক আমিনা খাতুন ও কার্যকরী সদস্য রওশন আরা রিতাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
মোসলিমা খাতুন বলেন, সখীপুরে কমপক্ষে ১৫ বছর ধরে আমাদের সংগঠনের কার্যক্রম সফলভাবে চলছে। আমরা বিভিন্ন সময় নির্যাতিত নারীদের পাশে দাঁড়িয়েছি, তাঁদের আইনি সহায়তা দেওয়াসহ নানা আর্থিক সুবিধাও দেওয়া হয়েছে।

