নিউজ টাঙ্গাইল ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার বগলের নিচে ঠাই নিয়েছে। ইনু- মতিয়ারা কী করেছে তা দেশবাসী জানে। আর প্রধানমন্ত্রী তাদেরকে মন্ত্রীত্ব দিয়ে পুরস্কৃত করেছেন। বর্তমান আওয়ামী লীগ বেঈমানের দল।
মওলানা ভাসানী, বঙ্গবন্ধুর আদর্শচ্যূত হয়ে আওয়ামী লীগ এখন বেঈমানের দলে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর আদর্শের দল হচ্ছে কৃষক শ্রমিক জনতা লীগ। তিনি বলেন, ধানের শীষ এখন আর বিএনপির মার্কা না, জাতীয় ঐক্যফ্রণ্টের মার্কা। বিএনপি এখন আর স্বাধীনতা বিরোধী দল না।
জাতীয় ঐক্যফ্রণ্টে শরিক হয়ে তারা যুদ্ধাপরাধীদের ত্যাগ করেছে। ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীকে জাতীয় ঐক্যফ্রণ্টে যোগ দিতে বলেছিলাম। কিন্তু তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে বাঁচানোর জন্য স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
তিনি আরো বলেন, টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে আওয়ামী লীগ যাকে দলীয় মনোনয়ন দিয়েছে ১৬ জন প্রার্থীর মধ্যে তিনি হচ্ছেন সবচেয়ে ‘নিশ্যা’ মানে অযোগ্য। এইসব পঁচা লোক দিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ চালাচ্ছেন।
বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম শুক্রবার (৩০ নভেম্বর) দিনভর টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী, হাতিয়া, সল্লা, গোহালিয়াবাড়ী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন।
এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, সদ্য কৃষক শ্রমিক জনতা লীগে যোগ দেয়া
টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনে জাতীয় ঐক্যফ্রণ্টের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, অপর মনোনয়ন প্রত্যাশী ও কৃষক শ্রমিক জনতা লীগ নেতা শামীম আল মনসুর আজাদ সিদ্দিকীসহ দলীয় নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন। পরে বঙ্গবীর জাতীয় ঐক্যফ্রণ্টের এক সভায় যোগ দিতে ঢাকায় চলে যান।

