সাব্বির রহমান। দেশের ক্রিকেটের সবচেয়ে বিতর্কিত চরিত্রগুলোর একটি। কখনো নিষিদ্ধ হয়েছেন, কখনো বা বড় অঙ্কের জরিমানা গুনেছেন। সব মিলিয়ে গেল বছরটা একেবারেই বাজে কেটেছে সাব্বিরের।
তবে পুরাতন বছরটাকে আর মনে রাখতে চান না ‘ব্যাডবয়’ সাব্বির। নতুন বছরে তার প্রতিজ্ঞা, ‘ভালো হয়ে যাবেন তিনি।’
আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এ উপলক্ষে মঙ্গলবার (১ জানুয়ারি) থেকে অনুশীলন শুরু করেছে দলগুলো। অনুশীলন করেছে সিলেট সিক্সার্সও। অনুশীলনের ফাঁকে নিজের প্রতিজ্ঞার কথা জানান সাব্বির রহমান, ‘কাল রাতে প্রমিজ করেছি, ২০১৮ আমার অনেক খারাপ কেটেছে। ভুলে গেছি। আজ নতুন বছরের প্রথম দিন, সামনে তাকিয়ে আছি এখন।’
নিজেকে শুধরাতে না পারলে ক্যারিয়ারের বড় ক্ষতি হয়ে যাবে বলেও মানছেন সাব্বির। বারবার একই ভুল ক্যারিয়ারের হুমকি, এই উপলব্ধি এসেছে কি না জানতে চাইলে বলেন, ‘হুম, আসলেই ভাই। অনেক বড় হুমকি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা কাটাচ্ছেন সাব্বির। আগামী মার্চে তার নিষেধাজ্ঞা শেষ হবে। আর তাই তার আগেই জাতীয় দলে ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন এ ব্যাটসম্যান। তার দল সিলেট সিক্সার্সের সবচেয়ে বড় আকর্ষণ অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নার। তার কাছ থেকে ভালো কিছু শিখে নেওয়ার চেষ্টায় থাকবেন এ ড্যাশিং ব্যাটসম্যান।
‘সে (ওয়ার্নার) অনেক ভালো খেলোয়াড়। তার অভিজ্ঞতা অনেক। অবশ্যই তার দলে থাকাটা অনেক ভালো দিক। ওর মত বড় খেলোয়াড়ের অভিজ্ঞতা যদি আমাদের মাঝে শেয়ার করে, আমরা যদি ওকে অনুসরণ করি, আমরা যদি বাকি দশজন সমর্থন করতে পারি, তাহলে ভালো কিছু আসবে। ও কীভাবে থাকে, ও কীভাবে খেলে, ওর সাথে থাকতে থাকতে খেলতে খেলতে অনেক কিছু শেখা যাবে। ওকে প্রশ্ন করে তো সবসময় উত্তর পাওয়া যাবে না। থাকতে থাকতেই একটা ভালো বন্ধুত্ব হলে সে নিজে থেকেই আমাদের তার অভিজ্ঞতা শেয়ার করবে।’
এখন সাব্বিরে সামনে সবচেয়ে বড় লক্ষ্য জাতীয় দলে হারানো জায়গাটা ফিরে পাওয়াও। আর এজন্য বিপিএলকে বেছে নিয়েছেন তিনি, ‘জাতীয় দল সবার জন্যই খোলা আছে। বিপিএলটা আমার জন্য অনেক বড় মঞ্চ। আমি যদি বিপিএলে ভালো পারফর্ম করি সুযোগ থাকবে আমার। আমি চেষ্টা করব বিপিএলে ভালো কিছু করার। তারপর বিশ্বকাপে সুযোগ।’

