Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নববধূ নিয়ে ফেরার পথে চলন্ত মাইক্রোবাস থেকে বরের ঝাঁপ!

News Tangail

নিউজ ডেস্ক: চুয়াডাঙ্গায় চলন্ত মাইক্রোবাস থেকে লাফ দিয়ে বোরহান উদ্দিন (২১) নামে এক সদ্য বিবাহিত যুবক আত্মহত্যা করেছেন। নববিবাহিত স্ত্রীকে নিয়ে বাড়ি ফেরার পথে জেলার আলমডাঙ্গা উপজেলার কুলপালা এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার রাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বোরহান উদ্দিন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মিয়াজান মন্ডলের ছেলে ও মেহেরপুর সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, ২৭ নভেম্বর প্রেমিকা দামুড়হুদার ইব্রাহিমপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে পপি খাতুনকে বিয়ে করেন বোরহান উদ্দিন। এরপর স্ত্রীকে নিয়ে মেহেরপুরের সিংহাটি গ্রামে চাচাতো বোনের বাড়িতে ওঠেন।

বোরহানের মামাতো ভাই আলামিন হোসেন জানান, বিষয়টি জানতে পেরে ছেলেকে ফিরিয়ে নিতে সিংহাটি গ্রামে আসেন বোরহানের পিতা। প্রথমে পুত্রবধূকে না মানলেও ছেলের জেদের কারণে সবাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।

পথে কুলপালা এলাকায় বোরহান উদ্দিন মাইক্রোবাস থেকে রাস্তায় লাফিয়ে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন বোরহান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজিদ হাসান বলেন, আসার কিছুক্ষণ পরই জরুরি বিভাগে তার মৃত্যু হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version