নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে এক নারীকে উত্ত্যক্তের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী রেজাউল করিমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক মো. আতাউল গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত রেজাউল করিম জেলা প্রশাসক কার্যালয়ের অভিযোগ ও তথ্য শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চাকরি করেন।
সূত্র জানায়, রেজাউল করিম তার পাশের কোয়ার্টারে থাকা এক নারীকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ওই নারী জেলা প্রশাসক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানান।
তথ্য প্রমাণের ভিত্তিতে বুধবার (৩ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতে রেজাউল করিমকে হাজির করলে তিনি অভিযোগ স্বীকার করেন।
এরপরে বিচারক সালাউদ্দিন আইয়ূবী তাকে এক মাসের কারাদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. আতাউল গনি বলেন, ‘সাজাপ্রাপ্ত রেজাউল করিমকে চাকরি থেকে সাময়িক বহিষ্কার করা হবে।’
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
-
"নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন। 