Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনে কাজ করার আশা জানালেন সালমান

বাংলাদেশে অশ্লীল ভিডিও, শর্টফিল্ম কিংবা ১৮+ ভিডিও আপলোড করা নতুন কিছু নয়। এই কাজটি দেশে বেশ কয়েকবছর আগে থেকেই হয়ে আসছে। এই নিয়ে আইনে নীতিমালা থাকলেও এর প্রকৃত ব্যবহার খুব একটা দেখা যায়নি। তবে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অশ্লীলতার বিরুদ্ধে রীতিমত যুদ্ধ ঘোষণা করেছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। আর এ পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে বিটিআরসি। অশ্লীল ভিডিও বন্ধের ঘোষণা আসার পর একে একে বন্ধ হতে অশ্লীলতায় পূর্ণ বিভিন্ন সাইট। ইতোমধ্যে বিটিআরসির পক্ষ থেকে বন্ধ করা হয়েছে প্রায় চার হাজার সাইট। এর পাশাপাশি বন্ধ করা হয়েছে জুয়া খেলার সাইট বেট ৩৬৫ সহ ১৭৬টি সাইট।

এরইমধ্যে সম্প্রতি গত ৯ ফেব্রুয়ারি ইউটিউবে একটি অশ্লীল ও অপ্রাসঙ্গিক মিউজিক ভিডিও আপলোড করেন সালমান মোহাম্মদ মুক্তাদির। ‘অভদ্র প্রেম’ শিরোনামে এই মিউজিক ভিডিও ‘সালমান দ্য ব্রাউন ফিশ’ চ্যানেলে প্রকাশ করেন তিনি। মিউজিক ভিডিওটি তার প্রকাশের পর থেকেই তুমুল বিতর্কের মুখে পড়েন তিনি। এতে তার চ্যানেলটি থেকে কমে যায় প্রায় ২ লাখের মতো সাবস্ক্রাইবার।

আর এই ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতা ও মডেল সালমান মোহাম্মদ মুক্তাদিরকে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পাওয়ার পর ফেসবুক লাইভে এসে নিজের ভিডিও গান সরিয়ে নেওয়া ও নিরাপদ ইন্টারনেট ক্যাম্পেইনে সম্পৃক্ত হওয়ার কথা জানালেন ইউটিউবার সালমান মুক্তাদির।

ফেসবুক লাইভে সালমান বলেন, ‘আমার একটা গান প্রকাশ হয়েছিল ‘অভদ্র প্রেম’ শিরোনামে। যেই গানটি বাংলাদেশে পরিপ্রেক্ষিতে খুব বেশি তর্ক-বিতর্কের সৃষ্টি করে। গানটির জন্য সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আমার সঙ্গে যোগাযোগ করে এবং আমাকে বলে এটা আমাদের দেশের কনটেক্সের বিপরীতে যায়। গানটি আমাকে নামিয়ে ফেলতে বলা হয়। আমি গানটি নামিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি এবং নামিয়ে দিয়েছি’।

তিনি আরও বলেন, ‘ভিডিওটি কোনোভাবেই আমাদের দেশের জন্য এক্সেপটেবল না। আমি চেষ্টা করবো গানটির ভিডিও আমাদের দেশের উপযোগী করে নির্মাণ করার জন্য। এছাড়া আমাদের নিরাপদ ইন্টারনেটের ডে ক্যাম্পেইন হচ্ছে সেটার সমর্থন করছি। আমি আশাবাদী এই ক্যাম্পেইনের একজন এম্বাসেডর হতে পারব। আমি সবাইকে আমন্ত্রণ জানাব এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য এবং এটাকে সাধুবাদ জানানোর জন্য’।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version