Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

নির্বাচনে চুরি না করে কোথাও নৌকা পাস করলে সাগরে ডুব দেবো: কাদের সিদ্দিকী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে চ্যালেঞ্জ জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘শেখ হাসিনা জমের দুয়ার বাইন্ধা আসে নাই। এই দেশে কেউ চিরস্থায়ী না। শেখ হাসিনাও চিরস্থায়ী না। এই কথাটা কেন যে আওয়ামী লীগের লোকেরা ভাবতেছে না, আমি সেটাই বুঝি না। আমি এখান থেকে তাদের চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের যে কোনো নির্বাচনে চুরি না করে নৌকা যদি পাস করে, তাহলে আমি সমুদ্রে গিয়া ডুব দেবো।’

শনিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মহানগর নাট্যমঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে কোনো ভোট হয়নি দাবি করে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি বলি গত ৩০ ডিসেম্বর এই দেশে কোনো ভোট হয় নাই। দেশের মানুষ তাদের ভোট দিতে পারে নাই। ভাত খাওয়ার সময় যেভাবে ভাগ করে দেয়া হয়, ঠিক সেভাবে জাতীয় ঐক্যফ্রন্টের আটজনকে নির্বাচিত করে নির্বাচন দেখানো হয়েছিল। তারা কিন্তু সংসদেও গেছে। যদি সংসদ অবৈধ হয় তাহলে ঐক্যফ্রন্টের যে আটজন গেছে তারাও অবৈধ।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘হয় তারা পদত্যাগ করুক, না হয় ৩০ তারিখের আগেই তাদের বহিষ্কার করুন। তাহলে দেখবেন মানুষ আপনাদের পেছনে দাঁড়াবে। রাজনীতিতে একদিকে থাকতে হবে। সেদিক হচ্ছে মানুষের দিক। মানুষের দিক ছাড়া অন্যদিকে গিয়ে লাভ নাই।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version