নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে এসে হামলার শিকার হয়েছেন গণ-অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া এবং সংগঠনটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর। এরপর ভিপি নুরকে টাঙ্গাইল কাগমারী পুলিশ ফাঁড়িতে বেশ কিছুক্ষণ পুলিশি পাহারায় রাখে পুলিশ।
সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী তাকে নিতে আসেন। বেশ কিছুক্ষণ তাকে দাঁড়িয়ে থাকতে হয় পুলিশ ফাঁড়ির গেটে। বারবার তিনি গেটের মাঝে কড়া নাড়লেও সাড়া মেলেনি কারও। প্রায় ২০ মিনিট পর গেট খোলেন পুলিশ সদস্যরা। এরপর তিনি ফাঁড়ির ভেতর থেকে নুরকে বের করে নিয়ে আসেন।
বের হয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খুব কষ্টের সঙ্গে বলতে হয়, মওলানা ভাসানীর মাজার শরিফের মতো একটা জায়গায় ছাত্রলীগের এই বর্বরোচিত হামলা মেনে নেয়া যায় না। আজকে নুরের ওপর আক্রমণটা একটা ঘৃণ্য ঘটনা। এটা বলা চলে সরকারের ব্যর্থতা।’
ভিপি নুর বলেন, ‘রাষ্ট্রীয় যে সন্ত্রাস হচ্ছে তার একটা নমুনা আজকের আক্রমণ। আমরা জানতাম যে ঢাকার বাইরে গেলে হামলা হতে পারে তাই বলে বঙ্গবন্ধুর যে রাজনীতিক অভিভাবক মওলানা ভাসানীর মাজার পবিত্র একটা জায়গা, সেই জায়গায় হবে এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। আমরা পুলিশের কোনো প্রকার সহযোগিতা পাইনি। ঢাকা গিয়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
গণ-অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘নুরকে টার্গেট করে যারা হামলা শুরু করেছে। তারা সন্ত্রাসী দল, এটা আবারও প্রমাণ করল। এ রকম একটা পবিত্র জায়গায় হামলা হলো, পুলিশ কোনো প্রকার সহযোগিতা করেনি। উল্টো পুলিশ বলছে আমরা নাকি হামলা করেছি। যদি হামলা করতাম তাহলে আগে থেকে প্রস্তুতি নিয়ে আসতাম। এখন পর্যন্ত আমাদের প্রায় ৪১ জন সহযোদ্ধা আহত হয়েছেন।’
গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘এটা ছাত্রলীগের নতুন না। তারা হামলা করবে এটাই তাদের রাজনীতি। নিবিড় পাল ও মানিক শীল যারা হামলা করেছে, তারা মোশারফ হত্যা মামলার আসামি। তাই বলা চলে সন্ত্রাসী বাহিনী তারা, তাদের কাছ থেকে এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না।’
টাঙ্গাইল সদর উপজেলার অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, ‘ছাত্রলীগের ওপর হামলা করেছে গণ-অধিকার পরিষদের সদস্যরা। পরে পুলিশ নিয়ন্ত্রণে এনেছে। এখন পুলিশের পাহারার মাধ্যমে তাদের ঢাকায় পাঠানো হবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
