সখীপুর প্রতিনিধি: নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সখীপুরের মিজানুর রহমান মজনু (৪০) নিহত হয়েছে। নিহত মজনু সখীপুর উপজেলার সুরীরচালা গ্রামের জাকির হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মজনু নোয়াখালীতে স্কয়ার কোম্পানির এম.আর হিসেবে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ঢাকা-নোয়াখালী সড়কের হাজিপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা লেগে আহত হয়। পরে গুরুতর অবস্থায় তাকে নোয়াখালীর স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতে মজনুর মৃত্যু হয়।
স্থানীয় সাবেক মেম্বার রুহুল আমীন মিয়া বলেন, মজনু খুব ভালো মানুষ ছিল। তাঁর ২টি সন্তান রয়েছে। চাকরিটই ছিল তাদের পরিবারে চলার একমাত্র ভরসা। সে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় তাঁর স্ত্রী ও বাবা মা বাকরুদ্ধ রয়েছেন। এ ঘটনায় মজনুর গ্রামের বাড়িতে ও সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

