পেঁয়াজের দাম ছুঁয়েছে দুইশোর কোঠা। নিম্নবিত্ত মানুষের এই নিত্যপ্রয়োজনীয় মসলা কিনতে এখন হিমশিম খেতে হচ্ছে। অনেকের কাছেই শেষ ভরসা রাষ্ট্রীয় বিক্রয় সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর খোলা ট্রাক।
বৃহস্পতিবারও পেঁয়াজ কিনতে লম্বা লাইনও চোখে পড়ে। পর্যাপ্ত মজুদ না থাকায় লাইনের শেষের দিকে থাকলে পেঁয়াজ না কিনেই ফিরতে হতে পারে। তাই ক্রেতাদের মধ্যে থাকে উদ্বেগ-উৎকণ্ঠা।
পেঁয়াজের দামের চাপ সইতে না পেরে ক্রেতাদের দেখা গেছে মারামারি করতে। প্রেসক্লাবের সামনে থাকা ট্রাকের লাইনে দাঁড়ানো নিয়ে কয়েকজন নারী ও পুরুষকে হাতাহাতি করতে দেখা যায়। একটি লাঠিও চোখে পড়ে এ সময়।
একজন নারীর ওপর চড়াও হতে দেখা যায় এক পুরুষকে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে কয়েকজন ক্রেতা বলেন, লাইনে দাঁড়ানো নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে।
পেঁয়াজের দাম যে অস্থির করে তুলেছে ক্রেতাদের- এ যেন তারই চিত্র।

