Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

প্রেমের টানে ইতালির তরুণী কক্সবাজারে গৃহবধূ

বাংলাদেশি তরুণের প্রেমের টানে কক্সবাজারের রামুতে চলে এসেছেন ইতালির রুবেরতা (২৩) নামে এক তরুণী। বুধবার (৯ নভেম্বর) ইতালির সার্দেনিয়া শহর থেকে বাংলাদেশে আসেন তিনি।

যার প্রেম এই ইতালিয়ান তরুণীকে রামুতে এনেছে, তার নাম রুনেক্স বড়ুয়া (২৮)। তিনি রামু উপজেলা সদরের হাইটুপি বড়ুয়াপাড়ার ফ্রান্স প্রবাসী বিকাশ বড়ুয়ার ছেলে। তার আদিবাড়ি উখিয়া উপজেলার রাজাপালংয়ের সীলের ছড়া এলাকায়।

জানা গেছে, প্রায় তিন বছর আগে ইতালিতে যান রুনেক্স। সেখানে কর্মসূত্রে পরিচয় হয় ওই তরুণীর সঙ্গে। প্রায় এক বছরের বেশি সময় প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

শুক্রবার (১১ নভেম্বর) এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় রুনেক্স ও তার পরিবারের সদস্যদের। তারা জানান, অনার্স পাসের পর ইতালি চলে যান রুনেক্স। সেখানে তিনি ওই তরুণীর সঙ্গে একটি আবাসিক হোটেলে কাজ করতেন। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই রুবেরতা বাংলাদেশে এসেছেন। এ মাসেই পারিবারিকভাবে তাদের বিয়ে হবে।

রুনেক্স বড়ুয়া বলেন, ‘একটি হোটেলের রিসেপশনে কাজ করতাম। সেখানে পরিচয় হয় রুবেরতার সঙ্গে। তারপর প্রেমের শুরু। এখন আমরা দেশে এসেছি বিয়ে করতে।’

রুনেক্স আরো বলেন, ‘সে (রুবেরতা) আমার পরিবারের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আমার পরিবারও তাকে গ্রহণ করেছে।’

ইতালিয়ান তরুণী রুবেরতা বলেন, ‘মানুষের জীবন একটা। জীবনের সঙ্গীও একটা হওয়া উচিত। আমার সমাজে সেটা নেই। আমি বিশ্বাস করি, রুনেক্স আমার জীবনে একমাত্র সঙ্গী হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘ওকে পেয়ে আমি দারুণ খুশি। তার পরিবারের সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক তৈরি হয়েছে। সামনের দিনগুলো যেন এরকমই কাটে সেই প্রার্থনা করি।’

রুনেক্সের ভাই শাওন বড়ুয়া বলেন, ‘আমরা আনন্দিত। ভাই-বৌদির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’ তিনি জানান, ভাষাগত কিছু সমস্যা থাকলেও সবকিছুতেই মানিয়ে নিচ্ছেন রুবের টা,পরেছেন বাঙালি পোশাকও। বাংলাদেশে এসে ভাইয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতসহ নানা জায়গায়। এলাকার লোকজন আজ সকাল থেকে তাকে দেখার জন্য তাদের বাড়িতে ভিড় করছে। রুনেক্সের মা সুমি বড়ুয়া বলেন, ‘আমাদের স্বপ্ন ছিল ঘরে বিদেশি বউ আনব। সেটাই বাস্তবে রূপ পাচ্ছে। আমরা তাকে নিয়ে খুব খুশি। তাদের ধুমধাম করে বিয়ে দেব।’

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version