প্রেম করে মেয়ে পালিয়েছে প্রেমিকের সঙ্গে। আর তাতে ক্ষিপ্ত হয়ে মেয়ের মাকে তালাক দিয়েছেন বাবা। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার পাটকেলঘাটা থানা সদরের আমতলারডাঙ্গী গ্রামে।
এ বিষয়ে পাটকেলঘাটা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জানান, এসব ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ৮ম শ্রেণির শিক্ষার্থী মুক্তা আক্তারের (১৪) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে আশরাফুল ইসলামের (২২)। এরই জেরে গত ১৪ আগস্ট বেলা ১০টার দিকে মেয়েটি প্রেমিক আশরাফুল ইসলামের সঙ্গে পালিয়ে যায়। সেই থেকে তারা এখনও লাপাত্তা।
আর এতেই ক্ষিপ্ত হয়ে ঈদের আগের দিন মেয়েটির বাবা মজনু মোড়ল (৪২) তার স্ত্রী খাদিজা বেগমকে তালাক দিয়েছেন।
তিনি জানিয়েছেন, আর কোনোভাবেই মেয়ে বা মেয়ের মাকে গ্রহণ করবেন না।
তিনি বলেন, ‘আমার মেয়ে ৮ম শ্রেণিতে পড়ে। নাবালিকা মেয়ে। আমি সকালে বাড়ি থেকে বেরিয়ে আসি। কাজের কারণে কোনোদিন দুপুরে বাড়িতে যাই আবার কোনোদিন যাওয়া হয় না। শুনেছি ওই ছেলে বিভিন্ন সময় আমার বাড়িতে যেত। বহুবার নিষেধ করেও কোনো লাভ হয়নি। মেয়ের মা ছেলেকে ঘরে তুলে তাদের গল্প করার সুযোগ করে দিতো। যেদিন বাড়ি থেকে চলে যায় সেদিনও মেয়ের জামা-কাপড় ও জন্ম নিবন্ধনের কার্ড পাটকেলঘাটা বাজারে এসে দিয়ে গেছে মেয়ের মা। এসব কারণে তাকে আমি তালাক দিয়ে দিয়েছি।’
তিনি আরও বলেন, যখন আমার বাড়িতে ছেলেটি যাতায়াত করতো তখন আমি থানাতে সাধারণ ডায়েরি করার জন্য গিয়েছিলাম। কিন্তু মেয়ের মা সেটিও করতে দেয়নি।
ঘটনার বিষয়ে জানতে মেয়ের মা খাদিজা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলেও কথা বলা সম্ভব হয়নি। তাছাড়া প্রেমিক আশরাফুল ইসলামের ফোন বন্ধ থাকায় কথা বলা যায়নি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
