Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বই হোক নিত্য দিনের সঙ্গী …….নূরুল ইসলাম নাহিদ

সময়ের সাথে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে মানুষের অভ্যাস। মানুষ হয়ে উঠছে বিনোদনমুখী। সময় কাটায় প্রযুক্তির বিভিন্ন উপায়ে। দিন দিন মানুষ আসক্ত হয়ে পড়ছে ল্যাপটপ, কম্পিউটার, স্মার্টফোনের প্রতি। এ সকল প্রযুক্তির মাধ্যম ফেসবুক, মেসেন্জার, ইমু, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক ইত্যাদি ব্যবহার করে ঘন্টার পর ঘন্টা সময় অতিবাহিত করে। সম্প্রতি বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে সবাইকে গৃহবন্দি জীবন কাটাতে হচ্ছে।

সারাদিন ঘরে আবদ্ধ থাকা আমাদের জন্য খুবই দুষ্কর। এদিকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসাসহ সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় ছাত্র ছাত্রীরাও লেখা পড়া থেকে পিছিয়ে যাবার মুহূর্তে চালু করা হয়েছে অনলাইন ক্লাস। নির্দিষ্ট সময়ে ক্লাস নেয়া হচ্ছে। ছাত্র ছাত্রীদের মেধাকে বিকশিত করার জন্য নেয়া হয়েছে সুন্দর এই উদ্যোগ। যদিও ক্লাসের পড়া শেষ করে ছাত্র ছাত্রীদের হাতে অনেক অবসর সময় থাকে। তাই এই অবসর সময় কাটানোর জন্য তাদের হাতে তোলে দিতে পারি বই। আগ্রহী করে তুলতে পারি বই পাঠে। শুধু ওরাই নয়। গৃহবন্দি জীবনের এই অবস্থায় আমরাও আমাদের সঙ্গী করে নিতে পারি বই। পরিবর্তন করে নিতে পারি আমাদের অভ্যাস। কারণ বই মানুষের উত্তম বন্ধু। বই পড়লে জ্ঞান বাড়ে। মানুষের হৃদয়কে কলুষমুক্ত করে আলোকিত করে। অজানাকে জানার উত্তম মাধ্যম হচ্ছে বই। বই পড়লে একদিকে আমাদের জ্ঞান প্রসারিত হবে অন্যদিকে সময়ও কেটে যাবে।

তাছাড়া বই পড়লে মানসিক চাপ কমে যায়। বই সকল প্রকার অশান্তি অস্বস্তি দূর করে মনকে সতেজ করে তুলে। আমরা নির্মল আনন্দ উপভোগ করতে পারি বই পড়ার মাধ্যমে। একটি ভালো বই মানুষের জীবনকে পরিবর্তন করতে সহায়তা করে। জীবনকে সুন্দর ভাবে সাজানোর জন্য বই পড়ে আমরা অনেক কিছু শিখতে পারি। বই কেনা এবং পড়ার অভ্যাস আমাদের জন্য অতীব জরুরী। ঘরে বসেই এখন আমরা অনলাইনে অর্ডার করে অনেক বই কিনতে পারি। তাছাড়া প্রতি বছর আমাদের দেশে বই মেলা হয়। কি চমৎকার বই উৎসব! নতুন বইয়ের ঘ্রাণে মনকে পাগল করে তুলে। আমরা আমাদের পছন্দের লেখকের প্রিয় বইগুলো সংগ্রহে রাখতে পারি।

প্রবাদ আছে-”বই কিনে কখনো কেউ দেউলিয়া হয় না”। আমার আপনার বিশ্ব¯ত বন্ধুও এক সময় মেকী প্রমাণিত হয় কিন্তু বই কখনো মেকী প্রমাণিত হয় না। বই পড়ে এক মুহূর্তেই বিশ্বের সব কিছু জানতে পারি। ঘুরে আসতে পারি কল্পনার রাজ্যে। ছেলে মেয়ে পরিক্ষায় ভালো ফলাফল অথবা কোন ভালো কাজে সফলতা লাভ করলে উপহার হিসেবে বই দেয়া যেতে পারে। অনেক সময় আমরা জন্মদিন, বৌভাত, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকি। উপহার হিসেবে নিয়ে যাই অনেক নামী দামী জিনিস। আমরা সেই দামী জিনিসের সাথে একটি ভালো বই উপহার দিতে পারি। যখন কাউকে বই উপহার হিসেবে দেয়া হবে অবশ্যই সযত্নে রেখে দিবে এবং একবারের জন্য হলেও চোখ বুলাবে। আসুন আমরা নিজে বই পড়ি অন্যকে বই পড়তে উৎসাহিত করি। অবসর সময়টুকু অপচয় না করে বই পড়ে কাটিয়ে দেয়ার অভ্যাস করি। বই হোক আমাদের নিত্য দিনের সঙ্গী।

নূরুল ইসলাম নাহিদ
লেখকঃ শিক্ষার্থী, খিয়ংহি সাইবার বিশ্ববিদ্যালয়
সিউল, দক্ষিণ কোরিয়া।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version