Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাঁচার আকুতি নিয়ে দিন গুনছে মেধাবী শিক্ষার্থী আল আমিনের পরিবার

News Tangail

বাঁচার আকুতি নিয়ে দিন গুনছে মেধাবী শিক্ষার্থী আল আমিনের পরিবার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার সাধারণ পরিবারের মেধাবী শিক্ষার্থী আল আমিন গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে বাঁচার আকুতি নিয়ে দিন গুনছে। তার একটি কিডনি পুরোপুরি অকেজো হয়ে গেছে এবং অন্য কিডনিটিও প্রায় অর্ধেক অকেজো হয়ে পড়েছে। বর্তমানে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কিডনি বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার নিয়মিত ডায়ালাইসিস চলছে।

আল আমিন সখীপুর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রহিম বিএসসি ও আছিয়া আক্তারের তিন সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বাবা সূর্যতরুণ শিক্ষাঙ্গণ (আবাসিক) স্কুল অ্যান্ড কলেজে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন।

পড়ালেখার পাশাপাশি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আল আমিন। পরে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার কিডনির জটিলতা ধরা পড়ে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হলে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকেরা।

আল আমিন এবার সখীপুর সরকারি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। এর আগে সূর্যতরুণ শিক্ষাঙ্গণ আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ অর্জন করেন তিনি। এছাড়া পঞ্চম ও অষ্টম শ্রেণিতেও বৃত্তি পেয়েছিলেন এই মেধাবী শিক্ষার্থী।

আল আমিনের বাবা আব্দুর রহিম বিএসসি বলেন, বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনে প্রায় ১৫ থেকে ১৬ লাখ টাকা প্রয়োজন হতে পারে। তিনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করলেও বর্তমানে অবসরপ্রাপ্ত। স্বল্প আয়ের পরিবারের পক্ষে এত বিপুল অর্থ জোগাড় করা সম্ভব নয়। আত্মীয়স্বজনের কাছ থেকে পাওয়া সহযোগিতায় এতদিন চিকিৎসার ব্যয় চালানো হলেও এখন তা আর সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, ছেলের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা তাদের পরিবারের একার পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান, হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের সম্মিলিত সহযোগিতা পেলে তার ছেলেকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।

আল আমিনের পরিবার এখন সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছে। পরিবারের আশা, মানুষের সম্মিলিত সহযোগিতায় মেধাবী এই শিক্ষার্থী আবারও সুস্থ হয়ে তার স্বপ্নের পথে এগিয়ে যেতে পারবে।

সহযোগিতার জন্য:
বিকাশ: ০১৮৮৩২৪২৬৯২
ব্যাংক হিসাব নম্বর: ০২০০০০৩৪৫৪৫৪৫
ব্যাংক: অগ্রণী ব্যাংক
শাখা: সখীপুর বাজার শাখা, টাঙ্গাইল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version