Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বাসভর্তি যাত্রী নিয়ে টাঙ্গাইল যায় ডাকাত দল, পরে ফিরে আসে সাভার

সাভারে ‘সিংড়া এলিগ্যান্স’ নামের দূর পাল্লার একটি যাত্রীবাহী বাসে রাতভর ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতদের ছুরিকাঘাতে ও পিটুনিতে বাসচালকসহ অন্তত ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।

এ ঘটনায় বুধবার ভোর রাতে সাভারের সিঅ্যান্ডবি মোড় ও বাইপাইল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাউতারা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ফিরোজ ইসলাম বিজয় (৩০), আমতলী গ্রামের হাবিবুর শেখের ছেলে হৃদয় (২৫) এবং নাটোরের সিংড়া থানার বাহাদুরপর গ্রামের আব্দুল লতিফের ছেলে মাহমুদ খলিল (৪০)। তবে টিকিট চেকার খলিল সন্দেহভাজন হিসেবে আটক হয়েছেন।

এর আগে মঙ্গলবার রাতভর ডাকাতরা বাস চালিয়ে আশুলিয়া থেকে টাঙ্গাইল জেলার মির্জাপুর প্রদক্ষিণ করে চন্দ্রা, বাইপাইল ও নবীনগর হয়ে পুনরায় সাভার থানাধীন সিঅ্যান্ডবি মোড়ে এসে ডাকাতি চালায় ও যাত্রীদের মারধর করে।

এ সময় আহত হন নাটোরের সিংড়া থানার শেরকোলা গ্রামরে মৃত মো. খানের ছেলে বাস চালক আব্দুল মান্নান, মো. কুতুব আলীর ছেলে হেলপার মো. শামীম ও শের উদ্দিনের ছেলে সুপারভাইজার মো. মকবুল হোসেন। এ ছাড়া কয়েকজন যাত্রী আহত হন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে ‘সিংড়া এলিগেন্স’ (ঢাকা মেট্রো-ব-১৪-৩৮৪১) যাত্রী নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। সাভারের বাইপাইল এলাকায় পৌঁছালে নাটোরে যাওয়ার কথা বলে যাত্রীবেশী ডাকাত ওঠে।

এ সময় বাসে আরও চল্লিশজন যাত্রী ছিল। বাস গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পৌঁছালে মুখোশধারী পাঁচ ডাকাত ড্রাইভার-হেলপারসহ যাত্রীদের অতর্কিতভাবে ছুরিকাঘাত ও পিটিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল লুটপাট করে।

এক ডাকাত গাড়িটি চালিয়ে টাঙ্গাইল নিয়ে যায়, সেখান থেকে ঘুরিয়ে আবারও সাভারের সিঅ্যান্ডবি এলাকায় এসে থামে। একপর্যায়ে কিছু যাত্রী চিৎকার দিলে ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত সাভার মডেল থানার এসআই মজিবুর রহমান ডাকাতির বিষয়টি বুঝতে পারেন। তিনি সেখানে গেলে তিন ডাকাত পালিয়ে গেলেও বিজয় ও হৃদয়কে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, পরবর্তীতে আহত চালক বাস চালিয়ে আশুলিয়া বাইপাইল মোড়ে এসে আশুলিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। আশুলিয়া পুলিশ পরে ডাকাত সন্দেহে বাসের টিকিট চেকার মাহমুদ খলিলকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

বাসের সুপারভাইজার মকবুল হোসেন বলেন, গাড়িটি রাতে গাবতলী থেকে ছেড়েছে। পরে বাইপাইল থেকে কয়েকজন যাত্রী ওঠে। গাড়িটি টাঙ্গাইলের কাছাকাছি পৌঁছালে কয়েকজন ড্রাইভারসহ আমাদেরকে চাকু দিয়ে আঘাত করে। পরে ডাকাতদের একজন গাড়ি চালায়। এরপর শুরু হয় যাত্রীদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া। ভোরে এসে দেখি আমরা সাভারে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) মজিবুর রহমান বলেন, আমরা দুজনকে আটক করেছি। আর টিকিট চেকারকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। যাত্রীবাহী বাসটি আশুলিয়া থানা পুলিশ হেফাজতে আছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়েরের পাশাপাশি অন্য ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version