Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিএনপির সন্ত্রাসীরা আ.লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে: শাকিল উজ্জামান

নিজস্ব প্রতিবেদক: যে বিএনপির নেতাকর্মীরা বিগত ১৬/১৭ বছর ফ্যাসিবাদী স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগের দ্বারা নিপীড়িত, নির্যাতিত ছিল, আজ সেই বিএনপির সন্ত্রাসীরা আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিএনপি যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের পরিণতিও ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের মতই হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ উচ্চতর সদস্য ও দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

সম্প্রতি পটুয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের দ্বারা গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অবরুদ্ধ রাখা ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ এনে তার প্রতিবাদে শুক্রবার (১৩ জুন) বিকালে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে টাঙ্গাইল পৌর শহরের নিরালা মোড়স্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, যারা পেশী শক্তির দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারির রাজনীতি করবে তারাই জনবিচ্ছিন্ন হবে। দেশের মানুষ পেশীশক্তি, চাঁদাবাজির রাজনীতি দেখতে চায় না। বিএনপি যদি তাদের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে তাদের পরিণতিও ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামীলীগের মত হবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদকে ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ দাবিয়ে রাখতে পারেনি। গণঅধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠা রাজনৈতিক দল। এই টাঙ্গাইলের মাটিতে আমরা ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগের রক্ত চক্ষুকে উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। সারা দেশে গণঅধিকার পরিষদের গণজোয়ার তৈরি হয়েছে।

এ সময় টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক শামীমুর রহমান সাগরের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার কবীর হোসেন, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রক বিষয়ক সহ সম্পাদক মাহবুবুর রহমান রাসেল, যুব অধিকার পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি কামরুজ্জামান রানা, ছাত্র অধিকার পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাহাদুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে জেলা ও উপজেলার নেতাকর্মীরাও অংশ নেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version