বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর গত ৫ জানুয়ারি রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের ম্যাচ দিয়ে পর্দা উঠে যা শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ফাইনালে ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচ দিয়ে পর্দা নামে। ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
এদিকে বিপিএলে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় বাংলাদেশি ব্যাটসম্যান আছেন মাত্র দুই জন। বিপিএলের ফাইনাল শেষে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের রানের তালিকায় সবার উপরে রয়েছেন রংপুর রাইডার্সের ওপেনার রাইলি রুশো। রংপুর ফাইনালে না উঠলেও ১৪ ম্যাচ খেলা এই বাঁহাতি ব্যাটসম্যানের রান ৫১৪। পাঁচ অর্ধশতক এবং এক শতক রয়েছে প্রোটিয়া এই ব্যাটসম্যানের নামের পাশে। অপরাজিত ১০০ রানের ইনিংস তার ব্যক্তিগত সর্বোচ্চ। ১৫০.০০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে করেছে রংপুরের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান।
আসরের শুরুর দিকে ব্যাট হাতে ভালো ফর্মে না থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাট হাসতে শুরু করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি ওপেনার তামিম ইকবালের। ফাইনাল ম্যাচে ঝড় ব্যাটিং করে শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এদিকে বিপিএলের ইতিহাসে তামিম ইকবাল ফাইনাল খেলার সুযোগ পেয়েছেন এই একবার। আর সেই ম্যাচে ব্যাট হাতে অনবদ্য তামিম। দেশ সেরা এই ওপেনারের ব্যাট হতে আসে ৬১ বলে ১০ চার আর ১১ ছয়ে অপরাজিত ১৪১ রান। ১৩৩.৮১ স্ট্রাইক রেটে ব্যাটিং করে বিপিএলের এবারের আসরে ১৪ ম্যাচ খেলা এই ব্যাটসম্যানের রান ৪৬৭। বিপিএল তো বটেই, সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটেও অপরাজিত ১৪১ রান তামিম ইকবালের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ এবং বিপিএল ইতিহাসের ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ।
তৃতীয় স্থানটি চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিমের। মোট ১৩ ম্যাচ খেলে ৪২৬ রান সংগ্রহ করেছেন মুশফিক। ১৩৯.২১ স্ট্রাইক রেটে ব্যাটিং করে হাঁকিয়েছেন তিনটি অর্ধশতক। ৭৫ রানের ইনিংস তার ব্যক্তিগত সর্বোচ্চ।
শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানটি সিক্সার্সের বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরানের। এবারের বিপিএলে ১১ ম্যাচ খেলেছেন এই উইন্ডিজ ক্রিকেটার। ১৫৯.৯১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটসম্যানের রান সংখ্যা ৩৭৯। তিনটি অর্ধশতক আছে এই ক্যারিবীয়ান ক্রিকেটারের, আর অপরাজিত ৭৫ রানের ইনিংস তার সর্বোচ্চ।
পঞ্চম স্থানটি রাজশাহী কিংসের টপ অর্ডার ব্যাটসম্যান লরি ইভান্সের। ১৩৭.৮০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে তিনি সংগ্রহ করেছেন ৩৩৯ রান। ১১ ম্যাচ খেলেছেন তিনি, দুইটি অর্ধশতক এবং একটি শতক রয়েছে তার নামের পাশে। অপরাজিত ১০৪ রানের ইনিংস ইভান্সের সর্বোচ্চ।

