Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিপিএলে দল না পেয়ে হতাশ হয়ে ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন সৈয়দ রাসেল

News Tangail

সৈয়দ রাসেল, একসময়ের সাড়া জাগানো ক্রিকেটার। জাতীয় দলে এখন আর খেলা হয় না। তবে ঘরোয়া ক্রিকেটে অনিয়মিতও নন।সেই সৈয়দ রাসেল ঢাকা প্রিমিয়ার লিগের গত দুটি আসরে খেলেছেন। এর আগে আড়াই বছর চোটে থেকে প্রায় যেন হারিয়ে যেতেই বসেছিলেন।

সেই চোট সামলে মাঠে ফিরেছিলেন ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই। কিন্তু ইনজুরি কাটিয়ে ফিরে দুইটি ঢাকা প্রিমিয়ার লিগের আসর খেললেও ষষ্ঠ বিপিএলের প্লেয়ার্স ড্রাফটেও জায়গা পাননি তিনি।

আর এ কারণে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রাসেল।নিজের ফেসবুক থেকে দেওয়া ঐ পোস্টে রাসেল লিখেন,‘ইনজুরি থেকে ফিরে ২ মৌসুম ঢাকা প্রিমিয়ার লিগে খেললাম। অথচ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট লিস্টে নাম লেখানোর যোগ্যতা এখনও অর্জন করতে পারলাম না।’

রাসেলের এই স্ট্যাটাসে তার আক্ষেপ প্রকাশ পেয়েছে না কি ক্ষোভ, এ নিয়ে বিতর্ক চলতেই পারে। তবে একসময়ে জাতীয় দলের সেরা পেসার হিসেবে আবির্ভূত হওয়া রাসেল ক্যারিয়ারের অন্য মোড়ে যেমন নিঠুর বাস্তবতা দেখছেন তাতে নিজের ভাগ্যকেও হয়ত দোষারোপ করতে পারেন। বিপিএলে খেলা দূরে থাক, নিলামের জন্যও যে ডাক পান না তিনি!

এর আগে ঢাকা প্রিমিয়ার লিগে ‘সি’ গ্রেডের ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়ে নির্বাচকদের সুদৃষ্টি প্রার্থনায় একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন তিনি যা বেশ আলোচিত হয়।৩৪ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২০০৭ সালে নিজের শেষ ওয়ানডে, ২০০৮ সালে শেষ টেস্ট এবং ২০১৩ সালে নিজের ক্যারিয়ারের এখন পর্যন্ত শেষ টি-২০ ম্যাচ খেলেন।

জাতীয় দলের জার্সি গায়ে ৬টি টেস্ট, ২টি ওয়ানডে ও ৮টি টি-২০ ম্যাচ খেলেছেন যশোরের এই ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে বরিশাল বিভাগ ও খুলনা বিভাগের হয়ে খেলার পাশাপাশি তিনি প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ ‘এ’ দলেরও।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version