বছরের শুরুর দিকে সামাজিক মাধ্যমে বিয়ের গুঞ্জন উঠেছিল অভিনেত্রী নাজনীন নীহার। সে সময় খবরটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন। এবার যেন নীহা নিজেই প্রকাশ্যে আনলেন বিয়ের খবর।
আজ সামাজিক মাধ্যমে দুটি ছবি প্রকাশ করে নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কৌতূহল উসকে দিয়েছেন নীহা। এরপর থেকেই নেটাগরিকদের ধারণা তিনি বিয়ে করেছেন। কেননা ছবি দুটিতে কাবা শরীফের সম্মুখে অভিনেত্রীকে বাহুবন্দি করে দাঁড়িয়ে এক ব্যক্তি। অন্য ছবিতে একে অন্যের হাতে হাত ধরে।
ক্যাপশনে বিয়ের ইঙ্গিত দিয়ে নীহা লিখেছেন, ‘একটি অধ্যায় আমরা এত দিন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম; এবার সেই সুন্দর যাত্রার গল্প সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছি। আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের যে সুন্দর বন্ধনে আবদ্ধ করেছেন এবং তার পবিত্র ঘরে একসঙ্গে আসার সৌভাগ্য দান করেছেন, তার জন্য অশেষ শুকরিয়া।’
নীহার পোস্টের পর থেকেই আলোচনা শুরু। নেটজেনদের ধারণা বিয়ে করেছেন অভিনেত্রী। কেননা গেল জুনে তিনি জানিয়েছিলেন সম্পর্কে আছেন। তবে কি সেই প্রণয়ই পরিণয় পেল— কৌতূহল সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। যদিও এরচেয়ে বেশি জানাননি অভিনেত্রী। পাত্রের নাম-পরিচয়ও রয়েছে আড়ালে।
