Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বিরিয়ানি সঙ্গে নেশা খাইয়ে গৃহবধূকে ধর্ষণ যুবলীগ নেতার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিরিয়ানির সঙ্গে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শিপন আহম্মদের বিরুদ্ধে।

শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন।

অভিযুক্ত শিপন আহম্মদ আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী। তিনি পৌরশহরের ১নং ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের হাবিবুল্লাহ হিরুর ছেলে।

ওই গৃহবধূ যুবলীগ নেতা শিপন আহম্মদের বাড়ির ভাড়াটিয়া। তার স্বামী অটোরিকশাচালক।

রোববার সকালে  বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার।

তিনি বলেন, শনিবার রাতে ভিকটিম নিজে বাদী হয়ে অভিযুক্ত শিপন আহম্মদকে আসামি করে মামলা করেছেন। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার ভিকটিমের স্বামীকে কৌশলে গায়েহলুদের অনুষ্ঠানের কাজে ডেকে পাঠায় বাড়ির মালিক যুবলীগ নেতা শিপন আহম্মদ। এ সময় ওই নারীর শিশু সন্তান ছাড়া বাড়িতে আর কেউ ছিল না।

পরে বৃহস্পতিবার গভীর রাতে ওই নারীর ঘুম ভাঙিয়ে দুই প্যাকেট বিরিয়ানি নিয়ে ঘরে যায় শিপন। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর অচেতন করে ওই নারীকে ধর্ষণ করে শিপন আহম্মদ। একপর্যায়ে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তার শিশু সন্তান ও স্বামীকে হত্যার হুমকি দিয়ে চলে যায় শিপন আহম্মদ।

আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না। ওই শিপন আহম্মদ যুবলীগের কোনো পদে নেই। তবে আখাউড়া পৌর যুবলীগের সভাপতি প্রার্থী বলে তিনি জানিয়েছেন।

আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নির্যাতিত ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ধর্ষককে গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version