দলবদল নিয়ে অনেক কথা হয়েছে। চোটের কারণে অনেকটা দিন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) শিবিরের বাইরেও ছিলেন নেইমার। তবে সব গুঞ্জন আর কানাঘুষাকে পাশ কাটিয়ে বিশ্বকাপের পর আবারও পিএসজি দলে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চীনের শেনঝেনে শনিবার মোনাকোর বিপক্ষে’ট্রফি ডেস চ্যাম্পিয়ন্স’ লড়াই পিএসজির। যে লড়াইয়ে অংশ নিতে শেনঝেনে দলের সঙ্গে যোগ দিয়েছেন নেইমার।
শেনঝেনে পা রাখার রাখার পর নেইমারকে ঘিরে ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাস-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। স্থানীয় জনতা আগে থেকেই অপেক্ষা করছিলেন বিমানবন্দরে, নেইমারকে সামনে পাওয়ার স্মৃতিটা ধরে রাখতে।
বিমানবন্দরে ভক্ত-সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হবার পর টিম বাসে করে পিএসজির হোটেলে পৌঁছেছেন নেইমার, যেখানে তিনি একত্রিত হয়েছেন সতীর্থদের সঙ্গে।
এবার অবশ্য পিএসজিতে নতুন এক পরিবেশই পাচ্ছেন নেইমার। উনাই এমেরি চলে যাওয়ার পর নতুন কোচ হিসেবে এসেছেন থমাস টাকেল। দলে যোগ দিয়েছেন ইতালির বর্ষীয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফনও। তাদের সঙ্গে দেখাদেখি আর কুশল বিনিময়ের কাজটাও হয়ে গেছে ব্রাজিলিয়ান সুপারস্টারের।

