Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

বুধবার দেশে আসছে করোনার টিকা

News Tangail

অনলাইন থেকে: ভারতের উপহার হিসেবে বুধবার দেশে আসছে ২০ লাখ ডোজ করোনার টিকা। বুধবার (২০ জানুয়ারি) দেশে এসে পৌঁছাবে ভারতের উপহার হিসেবে ২০ লাখ ডোজ করোনার টিকা। ভারতের দেয়া এসব করোনার ভ্যাকসিন ব্যবহারের অনুমতি চেয়ে ইতিমধ্যে ঔষধ প্রশাসন অধিদপ্তরে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত কিছু টিকা উপহার দেবে, তবে কোন কোম্পানির (টিকা) দেবে তা জানি না। গ্লোব বায়োটেককেও সহায়তা করা হবে যতটুকু তারা চায়। সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরিইউ) নজরুল হামিদ মিলনায়তনে নিয়মিত আয়োজন ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সরকারি টিকা দেয়া হবে বিনামূল্যে। কিন্তু বেসরকারি টিকার দাম নির্ধারণ করে দেয়া হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ টিকা কিনবে চার ডলারে। বেক্সিমকোকে প্রতি ডোজে এক ডলার করে দেয়া হবে। ভারত সরকার যে দামে টিকা কেনার কথা ছিল, বাংলাদেশকেও একই দামে টিকা দেবে। তবে বাংলাদেশ যে দামে টিকা কিনছে, ভারত তার চেয়ে বেশি দামে কিনলেও বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিতে হবে না।’ মন্ত্রী আরো বলেন, ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার স্বরূপ দেবে। তবে কতগুলো দেবে তা তিনি বলতে পারেননি।

জাহিদ মালেক বলেন, ‘এ ছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ফাইজারের চার লাখ টিকা আসবে। এই টিকা সংরক্ষণ করতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজার প্রয়োজন হয়। আমাদের কিছু ফ্রিজার আছে এ ধরনের যেগুলো গবেষণার কাজে ব্যবহার করা হয়, ফাইজারের টিকা সংরক্ষণে ওই ফ্রিজারগুলোই ব্যবহার করা হবে।’

এদিকে, বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন কিনতে চুক্তি করেছে। এর মধ্যে প্রথম ধাপে আসবে ৫০ লাখ ডোজ। যা আগামী ২৬ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে। ভারতের সেরাম ইনস্টিটিউট অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার উদ্ভাবিত করোনা ভ্যাকসিনে এশীয় অঞ্চলের উৎপাদক ও সরবরাহকারী।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version