Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবসে পিএফজি ও সুজনের মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক: অহিংসার প্রথম নীতি হলো সকল অমর্যাদাকে প্রত্যাখ্যান করা, নিষ্কিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না- মহাত্মা গান্ধীর এ বাণীকে ধারণ করে “সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উপজেলা শাখা’র উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুশাসনের জন্য নাগরিক (সুজন’র) উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সুজনের সহ-সভাপতি শাহ্ আলম প্রামাণিক, ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজিব হোসেন কফিল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতের উপজেলা শাখা’র কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা মহাত্মা গান্ধীর অহিংস নীতিকে ধারণ করে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version