ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার বীর নিবাসে থাকা হলো না বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীর। তার বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পৌর এলাকার চরবামনহাটা গ্রামে। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১১ মার্চ) জুমার নামাজ শেষে চরবামনহাটা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা ও অন্যরা শ্রদ্ধা জানান।
এদিকে পরিবার সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলীকে ২০২১ সালের আগস্ট মাসে উপহার দেয়া বীর নিবাসটির নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।
তারপর থেকে নির্মাণকাজ কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দীর্ঘ ৭ মাসেও রোস্তম আলীকে দেয়া প্রধানমন্ত্রী উপহার সেই বীর নিবাসটির কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

