Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে কিশোরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ধান ক্ষেত থেকে নার্গিস আক্তার (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে প্রতিবেশীর চোখে পড়ে ওই কিশোরীর মরদেহ। খবর পেয়ে মধুপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেলে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত নার্গিস মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের নেকিবাড়ী গ্রামের রিক্সা মেকার নাসির উদ্দিনের মেয়ে। নার্গিস স্বামীকে ৭/৮ মাস আগে তালাক দিয়ে তার বাবার বাড়িতে বসবাস করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিজ এলাকার একটি মাদ্রাসায় ৭ম শ্রেণিতে পড়াকালীন অবস্থায় পাশের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের বাঘিল-কান্দিপুর গ্রামের সাহাব আলীর ছেলে মনিরের সাথে প্রেম করে বিয়ে হয় নার্গিসের। বছর না ঘুরতেই তাদের মধ্যে দাম্পত্যকলহ শুরু হয়। এর জেরে ৭/৮মাস আগে নার্গিস স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। গত বুধবার (১১ সেপ্টম্বর) রাত ১০টা থেকে হঠাৎ তাকে পাওয়া যাচ্ছিল না। দুইদিন পর গতকাল শুক্রবার বাড়ির পাশের ধান ক্ষেতে তার অর্ধনগ্ন মরদেহ খোঁজে পাওয়া যায়।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের পর তাকে কেউ হত্যা করে ধান ক্ষেতে ফেলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পুলিশের তদন্ত সাপেক্ষে আসল রহস্য বের হয়ে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version