বুধবার, মে ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামধুপুরে পরীক্ষা কেন্দ্রে ২ ছাত্রলীগ নেতার অনুপ্রবেশ, গুণতে হলো জরিমানা

মধুপুরে পরীক্ষা কেন্দ্রে ২ ছাত্রলীগ নেতার অনুপ্রবেশ, গুণতে হলো জরিমানা

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে পরীক্ষার কেন্দ্রে অনুপ্রবেশ প্রবেশের দায়ে দুই ছাত্রলীগ নেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মধুপুর সরকারি কলেজ কেন্দ্রের ভেন্যু মধুপুর রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মধুপুর পৌরশহরের মাস্টার পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে শেখ ফরিদ বাবু (২৬)। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্প্রতি ঘোষিত কলেজ শাখা কমিটির আহবায়ক।

অপরজন হলেন— বাবুর সহযোগী সিজান আহমেদ (২৪)। তার বাড়ি মধুপুরের আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামে। তিনিও ছাত্রলীগের একজন নেতা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পাস কোর্সের তৃতীয় বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা ছিল ইংরেজি। রাণী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন মধুপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ওই দুই নেতা প্রবেশ করেন।

অভিযোগ করা হয়, এ সময় তারা মোবাইলে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সমাধান করে হলে সরবরাহের উদ্যোগ নেন। খবর পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন কেন্দ্র পরিদর্শনে যান। এরপর সেখানে গিয়ে তারা অভিযুক্ত দুইজনকে আটক করেন। পরে পৃথক পাবলিক পরীক্ষা সমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১/ক ধারায় প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

এ ঘটনায় মধুপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বলেন, জরিমানা দণ্ডপ্রাপ্ত দুইজন মধুপুর সরকারি কলেজের ছাত্র কিনা জানি না। তবে তারা ছাত্রলীগের নেতা বলে শুনেছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন জানান, পাবলিক পরীক্ষার হলে অনুপ্রবেশের দায়ে আইনের সংশ্লিষ্ট ধারায় দুইজনকে জরিমানা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular