নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের মধুপুরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ অনুযায়ী গঠিত কমিটির সভাপতি জনাব আরিফা জহুরার সভাপতিত্বে সহায়ক উপকরণ বিতরণের জন্য মিটিং করা হয়।
গত মঙ্গলবার (৩০ জুন) প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলার নির্বাহী অফিসার জনাব আরিফা জহুরা, মধুপুর উপজেলার চেয়ারম্যান জনাব সারোয়ার আলম খান আবু, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা জনাব মুসলিমা আকতার মাসুদা, উপজেলা সমাজসেবা অফিসার এবং অফিসের অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। এছাড়া প্রেসক্লাবের সভাপতি প্রফেসর আব্দুল আজিজ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন সারা বাংলাদেশে ১০৩ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। ৬৪ টি জেলা ও ৩৯ টি উপজেলায় এসব সাহায্য কেন্দ্র রয়েছে। তন্মধ্যে টাঙ্গাইল জেলায় ১ টি ও মধুপুর উপজেলায় ১ টি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে প্রতিবন্ধী ব্যক্তিদের ফিজিও থেরাপী, স্পিস এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অকুপেশনাল থেরাপি দেওয়া হয়। এছাড়াও কাউন্সিলিং করা, ঘাড়-মাঝা-হাটু ব্যাথা, ইত্যাদির সেবা দেওয়া। অটিজম কর্ণারের মাধ্যমে সেবা দিয়ে থাকেন আগত সেবাগ্রহীতাদের।
সরকার প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নেই (যেহেতু ৩৯ টি উপজেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র রয়েছে) সেসব প্রত্যন্ত অঞ্চলে সরকার ভ্রাম্যমাণ মোবাইল থেরাপি ভ্যান এর মাধ্যমে সেবা দেওয়ার ব্যবস্থা করেছেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মধুপুর, টাঙ্গাইল।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা জানান, মোট ৩২ টি ভ্রাম্যমাণ মোবাইল থেরাপি ভ্যান রয়েছে। যার মুল্য ৩২ কোটি টাকা। এসব মোবাইল থেরাপি ভ্যানের মধ্যে অত্যাধুনিক মেশিন সরঞ্জাম রয়েছে, যেগুলোর মাধ্যমে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ভ্রাম্যমাণ মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইন করে থাকে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আগত সেবাগ্রহীতাদের সেবা দিয়ে থাকে এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালায়।
তিনি আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের বিনামূল্যে সেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সহায়ক উপকরণের ব্যবস্থা করেছেন। প্রতিবছর সহায়ক উপকরণ আসে। এসব সহায়ক উপকরণ হলো হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হেয়ারিং এইড, সাদাছড়ি, এলবো ক্রাচ, এক্সিলারি ক্রাচ, টয়লেট চেয়ার ইত্যাদি।
এবার প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র মধুপুর, টাঙ্গাইল জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন থেকে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ১৫ টি হুইল চেয়ার, ৯ টি হেয়ারিং এইড এবং ৫ টি ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
