Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মধুপুরে বিয়ের ২ দিনপর শ্বশুরবাড়িতে এসে লাশ হলেন জামাই

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুরে বিয়ের দুইদিনের মাথায় শ্বশুর বাড়ির পুকুরে গোসলে নেমে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটারবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকালে মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহির এ বিষয়টি নিশ্চিত করেছেন। জাহাঙ্গীর ওই ইউনিয়নের আতেক্কার চালা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

তিনি জানান, শুক্রবার জাহাঙ্গীরের সঙ্গে চাট্টাবাইদ গ্রামের সেলিম উদ্দিনের মেয়ের বিয়ে হয়। এরপর রোববার সকালে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি ‘ফিরানী’ তে আসেন জাহাঙ্গীর। মেজবানি শেষে ওইদিন বিকেলেই আবার বাড়ি ফেরার কথা ছিল জাহাঙ্গীরের। দুপুরে শ্বশুর বাড়ির পাশের পুকুরে শ্যালক-শালিকাদের সঙ্গে গোসলে নেমে হঠাৎ ডুবে যান জাহাঙ্গীর। এরপর ভেসে না উঠায় তাকে সবাই ডাকাডাকি শুরু করে।

এ সময় আশেপাশের সবাই এগিয়ে এসে পানিতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। আধঘণ্টা চেষ্টার পর জাহাঙ্গীরের নিথর দেহ উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় দায়িত্বরত স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, পুকুরে ডুবে জাহাঙ্গীরের মৃত্যু হয়। সাঁতার না জানায় মৃত্যুর এ ঘটনাটি ঘটেছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version