নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকা ও নান্দাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (৬ জুলাই) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় এবং রবিবার (৫ জুলাই) দবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের চকমতি এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।
ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাদিউল ইসলাম জানান, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় কাভার্ডভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই দুই সহোদর তুষার (২০) ও আকাশ (১৫) নিহত হন। এ সময় গুরুতর আহত হন তাদের বাবা ও মা। বাবা-মাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, রবিবার (৫ জুলাই) দবাগত রাত সাড়ে ১২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের নান্দাইল উপজেলার চকমতি এলাকায় গরু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিচালক হানিফ মিয়া (৪০) ও আরোহী আরিফ মিয়া (৩০) নিহত হন।
এ সময় আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর আহমেদ।

