Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মহানবী (সা.) এর স্মৃতি বিজড়িত মদিনায় মিললো সোনা ও তামার খনি

 

পৃথিবীর ভূগর্ভে রয়েছে আল্লাহর সৃষ্টির অপার রহস্য। কোথাও তেল, কোথাও পানি, কোথাওবা ধু ধু মরুভূমি, আবার কোথাও রয়েছে সোনার খনি। এরই মধ্যে মহানবী মোহাম্মদ (সা.)-র স্মৃতিবিজড়িত মদিনা এলাকায় বেশ কয়েকটি স্বর্ণ ও তামা খনির সন্ধান পেয়েছে সৌদি আরব।
আল আরাবিয়া নিউজে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এসব খনির সন্ধান মেলে। সৌদি ভূতাত্ত্বিক জরিপ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, মদিনা অঞ্চলের আবা আল-রাহার সীমানার মধ্যে স্বর্ণ খনির সন্ধান পাওয়া গেছে। এছাড়াও মদিনার আল-মাদিক এলাকায় চারটি স্থানে তামার খনি আবিষ্কার হয়েছে।

 

পরপর দুটি আবিষ্কারে স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন। এটি জাতীয় অর্থনীতির উন্নয়নে অবদান রাখবে বলেও আশা করছে সৌদি সরকার। এর পরিমাণ হতে পারে ৫৩৩ মিলিয়ন ডলার। এর ফলে নতুন প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও মনে করা হচ্ছে।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ লক্ষ্যের অংশ হিসেবে সম্প্রসারণের জন্য চিহ্নিত খাতগুলোর মধ্যে একটি হলো খনি। গত জুনেই তিনি বলেন, গবেষণা ও উন্নয়নের জন্য জাতীয় অগ্রাধিকারে রয়েছে খনিখাত। তারই ফলাফলে মিললো দুটি মূল্যবান খনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version