Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে লাশ হয়ে বাড়ি ফিরলেন যুবক, বাবাসহ আহত ২

ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে হারাধন রাজবংশী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ জুলাই) বিকালে উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলি রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। তিনি পৌলি দক্ষিণপাড়ার মোংলা রাজবংশীর ছেলে।

এ ঘটনায় হারাধন রাজবংশীর বাবা মোংলা রাজবংশী ও তার প্রতিবেশি নেপাল রাজবংশী বজ্রপাতে আহত হয়েছেন। এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, পৌলি গ্রামের মোংলা রাজবংশী, তার ছেলে হারাধন রাজবংশী, বিষ্ণু রাজবংশীর ছেলে নেপাল রাজবংশী সহ পাঁচজন পাশের সদর উপজেলার তারাবাড়িয়া নামক স্থানে মাছ ধরতে যায়।

এরপর তারা মাছ ধরে বাড়ি ফেরার পথে পৌলি রেল লাইনের পাশে পৌঁছলে হঠাৎ বজ্রপাত হয়। এতে মোংলা রাজবংশী ও তার ছেলে হারাধন রাজবংশী এবং নেপাল রাজবংশী আহত হয়।

এ ঘটনার পরপরই তাদের সঙ্গীরা স্থানীয়দের সহায়তায় তাদেরকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হারাধন রাজবংশীকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এলেঙ্গা পৌরসভার প্যানেল মেয়র সুকুমার ঘোষ জানান, বজ্রপাতে প্রাণ হারানো হারাধন রাজবংশীর পরিবারকে জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন ১০ হাজার টাকা অনুদান দিয়েছেন। আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version