Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরের গৃহবধূ গোলাপী হত্যায় র‌্যাবের হাতে আটক হবু মিয়া

মির্জাপুর প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে আলোচিত তিন সন্তানের জননী গোলাপী বেগম হত্যা মামলার ২ নম্বর আসামী হবু মিয়া (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। শনিবার রাতে নাগরপুরের তনুরা রাথুরা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. সানাউল্লাহ।

প্রধান আসামী গোলাপীর স্বামী গ্রেপ্তার হওয়ার পর থেকেই আত্মগোপনে ছিলেন হবু মিয়া। এতে তার প্রতি সন্দেহ আরও গভীর হয়। ঘটনার সাথে জড়িত থাকার প্রমাণ যাচাইয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং শুনানিতে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

হবু মিয়া নাগরপুর উপজেলার রাথুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানি রোডে ভাড়া বাসায় থাকতেন এবং টমটম চালাতেন। গোলাপীর পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের সূত্রে তার দীর্ঘদিনের পরিচয় ছিল।

গত ২৩ অক্টোবর নিজ বাড়ি থেকে নিখোঁজ হন গোলাপী বেগম (৪০)। তিন দিন পর ২৬ অক্টোবর বাড়ির পাশের বারই খালে বিবস্ত্র অবস্থায় ভেসে ওঠে তার লাশ। পরে নিহতের বাবা বিষু মিয়া অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলার ভিত্তিতে ১ নভেম্বর গোলাপীর স্বামী আব্দুল কাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version