Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ পাখিদের নিরাপদ আবাসস্থল

নিউজ টাঙ্গাইল ডেস্ক : ছিমছাম গোছানো পরিপাটি টাঙ্গাইলের মির্জাপুরে আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজ। চারদিকে সারি সারি ফলদ আর বনজ গাছে ভরা। প্রাকৃতিক সৌন্দর্যের এক নীলাভূমি। আর তাতে বিশেষ করে সারি সারি নারিকেল গাছ। পাশ দিয়ে বয়ে গেছে লৌহজং নদী। কৃষ্ণচূড়া ও আম গাছে পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থলেরও ব্যবস্থা করেন এমপি একাব্বর হোসেন।

তিনি পাখিদের জন্য তার প্রতিষ্ঠিত কলেজের প্রতিটি গাছে কয়েকটি করে মাটির হাড়ি লাগিয়ে দিয়েছেন। যাতে করে বিভিন্ন প্রজাতির পাখি সেখানে বাসা বেঁধে থাকতে পারে। সেই থেকে আজ অবধি আলহাজ্ব শফিউদ্দিন মিঞা একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ পাখিদের জন্য এক নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিতি লাভ করেছে।

আলহাজ্ব শফিউদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, দেশ, প্রকৃতি ও মানবপ্রেম তার সবচেয়ে বড় গুন। সময় ও সুযোগ পেলেই বিকেলে এমপি মহোদয় কৃষ্ণচূড়া, আমগাছের তলায় বসে প্রকৃতি অবলোকন করেন। খুটিয়ে খুটিয়ে বৃক্ষ, ফল, পাতা সম্পর্কে জিজ্ঞেস করেন। সময় মত কীটনাশক, সার প্রয়োগ এবং পরিচর্চা হয় কি না তাও জানতে চান। এখানে বসেই প্রায় ৪ বছর আগে পাখিদের রোদ বৃষ্টি ঝড় থেকে নিরাপদ রাখতে প্রতিটি গাছের ডালের সাথে মাটির হাড়ি পেতে দেয়ার পরামর্শ দেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন বলেন, এমপি মহোদয়ের এ উদ্যোগ প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের করা উচিত। যাতে করে পাখিদের বিলীন হওয়ার হাত থেকে রক্ষা পায়।

মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির নিরাপদ আবাস অতিব গুরুত্বপূর্ণ। মাননীয় একাব্বর হোসেন এমপি মহোদয় যে উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রসংসনীয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version