নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের মির্জাপুরে লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও যানবাহন চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয়জনকে ৫১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) মির্জাপুর পৌরসভার ৩নং এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই অর্থদÐ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।
জানা যায়, লকডাউন উপেক্ষা করে বেশ কিছু ব্যবসায়ী দোকান খোলা রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। এছাড়াও যানবাহনও চলছিল ওই এলাকায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন হার্ডওয়্যার ও এক টিন ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এক মোটরসাইকেল চালককে এক হাজার ও এক লেগুনা চালকের কাছ থেকে ৫শ’ টাকা জরিমানা আদায় করে উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এর আগে উপজেলার পৌর এলাকায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধি পাওয়ায় পৌরসভার ৩নং ওয়ার্ড তথা বাজার এলাকাকে আজ ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ১০ দিনের জন্য লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ‘লকডাউনকৃত এলাকায় শ্রমজীবি মানুষের জন্য খাদ্যের ব্যবস্থা করা হয়েছে। যে কোন মূল্যে এই লকডাউন আমাদের ফলপ্রসু করতে হবে।’
প্রসঙ্গত, উপজেলায় এ পর্যন্ত ৭৬জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২২জন।

