Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মুন্সীগঞ্জে কেন্দ্রীয় যুবলীগ নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

অনলাইন থেকে: মুন্সীগঞ্জে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজমীর শেখের বিরুদ্ধে নারী নির্যাতন, মাদক কারবার, চাঁদাবাজির অভিযোগ করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে দেওসার, রামপাল এলাকাবাসীর ব্যানারে সদর উপজেলার ধলাগাঁও বাজারে রাস্তা অবরোধ করে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন রামপাল ইউনিয়নের কয়েক শতাধিক নারী-পুরুষ। এদিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভের ফলে দিঘিরপাড়-সিপাহীপাড়া সড়কে ২০ মিনিট যানচলাচল বন্ধ ছিল।

মানববন্ধন ও বিক্ষোভকারীরা উল্লেখিত অভিযোগে আজমীর ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন রামপাল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান আলী আজগর বেপারী, ইউপি সদস্য মহিউদ্দিন আহম্মেদ, সানি আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফরহাদ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ কবির সোহেল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।

তবে আজমীর শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য আমার রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এসব কর্মসূচি করেছে। যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোটাই সত্য নয়।’

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version