বিনোদন ডেস্ক: আগামী ২০ নভেম্বর থেকে কাতারে ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্বকাপ উন্মাদনা মেতেছে। এ খেলা নিয়ে এবার বিশ্বখ্যাত ফুটবলার মেসিকে নিয়ে গান করেছেন জনপ্রিয় সংগীত শিল্পী রোজিনা আক্তার। তার গানের শিরোনাম দেয়া হয়েছে- ‘মেসি কলরব’। কাজী শাহিনের কথায় এর সুর ও সংগীতায়োজক শামীম মাহমুদ। ভিডিও পরিচালনায় রাজ কামাল। প্রিয় মেসিকে নিয়ে করা গানটি সুরের আলো বিডি নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
রোজিনা আক্তার বলেন, বিশ্বের সব দেশের মতো বাংলাদেশেও বিশ্বকাপ উন্মাদনা শুরু হয়েছে। আমাদের ফুটবল প্রেমীদের বেশিরভাগই দু’টি দলে বিভক্ত। একদল আর্জেন্টিনা ও অন্যদল ব্রাজিলের সমর্থক। এসব কথা চিন্তা করেই আর্জেন্টিনা ও মেসিকে নিয়ে গানটি করা। তাছাড়া আমি নিজেও আর্জেন্টিনার ভক্ত। গানের কথা, সুর, তাল, লয় ও ভিডিও সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আশা করছি গানটি আর্জেন্টিনা ও মেসি ভক্তদের ভালো লাগবে।’
প্রসঙ্গত, সংগীত শিল্পী রোজিনা বিষয়ভিত্তিক গান গেয়ে আলোচনায় এসেছেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একাধিক গান করেছেন। এছাড়া বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া এক মাকে নিয়ে ‘দুঃখী মা’, গার্মেন্টসের নারী শ্রমিককে নিয়ে ‘গার্মেন্টস কন্যা’। শিল্পী রোজিনা বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও জাতীয় শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত এই গায়িকা। শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন।

