Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

মোবাইলে প্রেমের সূত্র ধরে প্রেমিকার ডাকে সাড়া দিয়ে হাসপাতালে প্রেমিক

পাবনার চাটমোহর উপজেলায় মোবাইলে প্রেমের সূত্র ধরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে বিপদে পড়েছেন এক প্রেমিক। একই সঙ্গে ওই প্রেমিককে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই প্রেমিকের নাম রাশেদুল ইসলাম (২২)। তিনি পার্শ্ববর্তী আটঘরিয়া উপজেলার দূর্গাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চড়ইকোল গ্রামের এক মেয়ের সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে পাশের আটঘড়িয়া উপজেলার রাশেদুল ইসলামের। রোববার দেখা করার জন্য প্রেমিককে ডেকে নেন প্রেমিকা। এটাই কাল হলো রাশেদুলের। রোববার সন্ধ্যায় প্রেমিকার সঙ্গে দেখা করতে পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে যান রাশেদুল। ওদিন সন্ধ্যায় তারা দু’জন ঘরে বসে গল্প করার সময় প্রেমিকার বাবা ও অন্যান্য স্বজনরা রাশেদুলকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাশেদুলকে কাঠ, হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে দা দিয়ে মাথায় কোপ দিলে রক্তাক্ত হয়ে অচেতন হয়ে পড়েন রাশেদুল।

খবর পেয়ে থানা পুলিশ অচেতন অবস্থায় সোমবার ভোরে রাশেদুলকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ বা মামলা করেনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version