Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ময়মনসিংহ মেডিকেলের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এটিই একমাত্র সরকারি ডায়ালাইসিস কেন্দ্র।ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তি করোনা আক্রান্ত হওয়ায় আনুষ্ঠানিকভাবে এ ইউনিটটি বন্ধ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

ডায়ালাইসিস ইউনিট সূত্রে জানা যায়, ওয়ার্ডটিতে প্রতিদিন দুই পালায় ১৪ জন করে ২৮ জন রোগীর ডায়ালাইসিস করা হতো। বর্তমানে ওয়ার্ডটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

একই সঙ্গে এই ইউনিটের সব চিকিৎসক, নার্স ও কর্মচারীদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। ফলে এ ইউনিটের ১০ জন চিকিৎসক, ৯ জন নার্স ও ৪ জন ওয়ার্ডবয় মিলিয়ে মোট ২৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।

ডায়ালাইসিস ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আশুতোষ সাহা রায় জানান, গত সোমবার দুই ব্যক্তি ডায়ালাইসিস করতে হাসপাতালে আসেন। তাদের একজনের বাড়ি টাঙ্গাইল, অন্যজনের জামালপুরে। ডায়ালাইসিস শেষে ওই দিনই করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়। বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তাদের নমুনায় করোনা শনাক্ত হয়। যেহেতু দুজন ব্যক্তির সংস্পর্শে কাজ করেছেন এই বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা, তাই এই খবর পাওয়ার পর থেকে বর্তমানে ডায়ালাইসিস ওয়ার্ডসংশিষ্ট সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ইউনিট বন্ধ ঘোষণা করা হয়েছে।

ডায়ালাইসিস ইউনিটের সহকারী অধ্যাপক ওমর ফারুক জানান, ‘এ খবর জানার পর থেকেই আমাদের সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিবারের সদস্যরাও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। সতর্কতার জন্য সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি।’

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বৈঠক ডাকা হয়েছে। ইউনিটটি কীভাবে চালু রাখা যায়, তা বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আক্রান্তদের সম্পর্কেও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version