চিত্তরঞ্জন জানান, এপ্রিলের ১ তারিখে চার জনের নমুনা নিয়ে আনুষ্ঠানিকভাবে মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। প্রথমদিন কারও করোনা পজিটিভ শনাক্ত হয়নি। গত ৬ এপ্রিল ১৭ জনের নমুনা পরীক্ষা শেষে শেরপুরেও দুই নারী এবং জামালপুরের এক পুরুষের দেহে করোনা শনাক্ত হয়। এরপর গত ১৪ এপ্রিল থেকে দুই শিফটে পিসিআর ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়। ১৫ এপ্রিল পর্যন্ত এই বিভাগে ১ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা শেষে ৫০ জনের পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা কাজে নিয়োজিত চিকিৎসক, টেকনিশিয়ান ও সাপোর্টিং কর্মচারীরা অমানবিক পরিশ্রম করছেন। জাতির স্বার্থে তারা পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, জেলায় ২৭৫ জন ব্যক্তির নমুনা পরীক্ষা শেষে ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন চিকিৎসকসহ গফরগাঁওয়ে ছয় জন এবং ফুলপুর, মুক্তাগাছা ও ঈশ্বরগঞ্জ উপজেলায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাভাইরাস সংক্রমণের হার কমে আসবে বলেও জানান তিনি।

