Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

ময়মনসিংহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। তাঁর নাম আবদুল জলিল (২৬)। মঙ্গলবার সকালে সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দরের অদূরে ভারতের ১০০ গজ অভ্যন্তরে নদীর ঢালায় এ ঘটনা ঘটে।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ। তিনি জানান, নিহত আবদুল জলিল হালুয়াঘাট উপজেলার পশ্চিম গোবরাকুড়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

নিহতের বড় ভাই খলিল মিয়া জানান, আবদুল জলিল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে গুলিবিদ্ধ লাশের বর্ণনা অনুযায়ী নিহত ব্যক্তিকে নিজের ছোটভাই জলিল বলে জানান তিনি।

বিজিবির গোবরাকুড়া বিওপির কমান্ডার নায়েক সুবেদার হারুনুর রশিদ জানান, গোপন সূত্রে ভারতীয় এলাকায় বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিএসএফের চিঠি পেলে তাঁরা ঘটনাস্থলে যাবেন এবং লাশ শনাক্ত হলে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে আনার ব্যবস্থা নেবেন। লাশ পেলে পুলিশের কাছে হস্থান্তর করা হবে বলেও জানান তিনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version