নিউজ ডেস্ক: প্রয়াত নায়ক মান্না ও তার স্ত্রী শেলী মান্নার সঙ্গে দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণার সম্পর্ক পারিবারিক। যে কারণে যতবারই তিনি ঢাকায় এসেছেন, ততবারই শেলী মান্নার সঙ্গে দেখা করেছেন।
মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলি চলচ্চিত্র’ থেকে দীর্ঘদিন পর আবারও চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে আগামী অক্টোবর মাসে। এর আগে রাজধানীর ঢাকা ক্লাবে ২৩ জুলাই সকাল সাড়ে ১১টায় ‘জ্যাম’-এর মহরত হবে। এ অনুষ্ঠানে যোগ দিতেই আগামীকাল রোববার সকালে ঢাকায় আসছেন ঋতুপর্ণা।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে ‘জ্যাম’ সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা। তাকে দেখা যাবে নৃত্যশিল্পীর ভূমিকায়। অন্যদিকে, ঋতুপর্ণাকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। তবে এখনো নায়ক চূড়ান্ত হয়নি।
ঋতুপর্ণা বলেন, মান্না ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা পারিবারিক। তার সঙ্গে অনেক চলচ্চিত্রে অভিনয় করতে গিয়েই এই সম্পর্কের সৃষ্টি। মান্না ভাই চলে গেছেন। কিন্তু শেলী ভাবীর সঙ্গে আমার যোগাযোগ ঠিকই রয়ে গেছে। তিনি অনেক ভালো মনের মানুষ। মান্না ভাইয়ের প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘জ্যাম’-এর কাজ করার ব্যাপারে ভাবীর সঙ্গে কথা হয়েছে।
‘জ্যাম’-এর মূল ভাবনা প্রয়াত সাংবাদিক আহমদ জামান চৌধুরীর। কাহিনী বিন্যাস করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল ও শেলী মান্না। চিত্রনাট্য ও সংলাপ রচনা করছেন পান্থ শাহরিয়ার। শুটিং শুরু হবে অক্টোবরে।

