Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে দম্পতির মৃত্যু

News Tangail

গাজীপুরে যৌন উত্তেজক ট্যাবলেট খেয়ে গার্মেন্টসকর্মী এক দম্পতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রবিবার (১৭ অক্টোবর) রাতে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকার জাহিদ কলোনীতে এ ঘটনা ঘটে।

সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ) জাকির হাসান এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলো- নওগাঁ জেলার মান্দা থানার কয়লাবাড়ি এলাকার ফাছির উদ্দিনের ছেলে মো. ফিরোজ হোসেন(২৭) ও তার স্ত্রী নেত্রকোনার আটপাড়া থানার সর্বমৈশা এলাকার সবুজ মিয়ার মেয়ে তাহমিনা আক্তার লিজা(২০)।

পুলিশের ওই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ পুকুরপাড় এলাকার জাহিদ কলোনীর ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন ফিরোজ ও তার স্ত্রী লিজা আক্তার। মাসখানেক লিজা চাকরি ছেড়ে দেন। ফুটপাতের হকারের কাছ থেকে কেনা যৌন উত্তেজক ট্যাবলেট তারা দু’জনেই সেবন করে। রাত দেড়টার দিকে তাদের হৈচৈ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে উভয়কে বিবস্ত্র অবস্থায় পায়।

এসময় ওই দম্পতি স্থানীয়দের কাছে যৌন উত্তেজক ট্যাবলেট সেবনের কথা বলে। পরে প্রতিবেশীরা গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। তাদের অবস্থার অবনতি হলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে পুলিশ বিকেলে ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version