Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রবিবার থেকে ৩০ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সারা দেশে পেঁয়াজের সজলভ্যতা করতে টিসিবির ২৭৫টি ভ্রাম্যমাণ ট্রাকে করে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ পাবেন ক্রেতারা। একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত পেঁয়াজ কিনতে পারবেন। পেঁয়াজের সঙ্গে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেলও ভর্তুকি মূল্যে বিক্রি হবে।
আগামীকাল রবিবার থেকে খোলাবাজারে ট্রাক সেলের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রির কার্যক্রম চালাবে টিসিবি।
গতকাল টিসিবির ওয়েবসাইটে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রতি কেজি চিনি ও মসুর ডাল ৫০ টাকা কেজি দরে একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে কিনতে পারবেন। এছাড়া, সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা দরে একজন ভোক্তা দুই লিটার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লিটার পর্যন্ত কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, ঢাকায় ৪০টি ট্রাক, চট্টগ্রামে ১০টি, রংপুর সাতটি, ময়মনসিংহে পাঁচটি, রাজশাহীতে পাঁচটি, খুলনায় পাঁচটি, বরিশালে পাঁচটি, সিলেটে পাঁচটি, বগুড়ায় পাঁচটি, কুমিল্লায় পাঁচটি, ঝিনাইদহে তিনটি ও মাদারীপুরে তিনটি করে অবশিষ্ট জেলা ও উপজেলায় প্রত্যেকটিতে দুইটি করে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version