Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাজ-পরীর বাসায় রিয়াজ-নিপুণ-সাইমন কেন?

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজ। তারা প্রথমবারের মতো ছেলেসন্তানের মা-বাবা হয়েছেন। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে ছেলের জন্ম দেন পরী। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

আটদিন হাসপাতালে থাকার পর গত বুধবার (১৭ আগস্ট) সকালে ছেলেকে নিয়ে বাসায় ফেরেন রাজ-পরী। এরপর জোড়া খাসি জবাই দিয়ে ছেলের আকিকাও সেরেছেন।

এদিকে বাসায় ফেরার পর রাজ-পরীর ‘রাজ্য’কে দেখার জন্য তাদের বাসায় যান চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক ও নায়িকা নিপুণসহ আরও অনেকে। তারা নবাগত সন্তানের জন্য দোয়া করে এসেছেন। একটি ভিডিওচিত্রের মাধ্যমে সুন্দর মুহূর্তটি শেয়ার করেছেন সাইমন।

ভিডিওর একটি দৃশ্যে দেখা যায়, পরীমনি মোবাইল ফোনে কথা বলছিলেন। তার কোলে রাজ্য। তখন রাজ এসে ছেলেকে পরম আদরে নিজের কোলে নিয়ে নেন। এ দৃশ্য দেখে নায়ক রিয়াজ বলেন, ‘রাজ খুব যত্নবান বাবা’। রিয়াজের মন্তব্যে সমর্থন দেন সাইমনসহ অন্যরাও।

গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমনি ও রাজ। মাত্র সাতদিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমনি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version