Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাতের আঁধারে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ

News Tangail

নিউজ টাঙ্গাইল ডেস্ক: রাতের আঁধারে ঘরে ঢুকে রাজবাড়ীর সদর উপজেলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে (২১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।

তিনি জানান, এ ঘটনায় গত শনিবার ভুক্তভোগী সৌদি প্রবাসীর স্ত্রী বাদী হয়ে মো. রিপন মণ্ডলের (২৫) নামে রাজবাড়ী থানায় একটি মামলা করেন। মো. রিপন মণ্ডল রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের মো. আজিজ মণ্ডলের ছেলে।

মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর স্বামী গত দুই বছর ধরে সৌদি আরবে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে মো. রিপন মণ্ডল শ্বশুরবাড়িতে আসা-যাওয়া করত এবং তাকে মাঝে মাঝে কুপ্রস্তাব দিত। ওই গৃহবধূ রিপনের কুপ্রস্তাবের কথা তার প্রবাসী স্বামী, শ্বশুর ও শাশুড়িকে জানান।

তারা রিপন মণ্ডলের পরিবারকে বিষয়টি জানান। এতে রিপন মণ্ডল ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৩ নভেম্বর রাত ১২টার দিকে ওই সৌদি প্রবাসীর স্ত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরের বাথরুমে যান। এ সময় রিপন তার ঘরে প্রবেশ করে। এর পর ওই গৃহবধূ ঘরে প্রবেশ করলে রিপন তার মুখে কাপড় গুঁজে দিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে ওই সৌদি প্রবাসীর স্ত্রীর গোঙানির শব্দ শুনে পাশের ঘরে থাকা শ্বশুর, শাশুড়িসহ লোকজন এগিয়ে এলে রিপন মণ্ডল দৌড়ে পালিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন  বলেন, ভুক্তভোগী সৌদি প্রবাসীর স্ত্রী থানায় একটি মামলা করেছেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আসামি রিপন মণ্ডলকে গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version