Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রাবিতে টাঙ্গাইল জেলা সমিতির মিলনমেলা

নিউজ ডেস্ক: ইতিহাস আর ঐতিহ্যে ভরা বাংলাদেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঐতিহ্যবাহী সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্যোগে বার্ষিক বনভোজন ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শেখ কামাল স্টেডিয়ামের সামনে ঝাউবাগানে গত শনিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাবিতে টাঙ্গাইল জেলার নবীন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন:- টাঙ্গাইলে ফেসবুক পোস্টে পরিবারে ফিরল শিশুটি

আয়োজনের মধ্যে ছিলো- সকাল থেকে বিস্কুট দৌড়, বালিশ খেলা, টিপ পড়ানো, পাতিল ভাঙাসহ বিভিন্ন খেলা। বিকেলে র‌্যাফেল ড্র ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেড় শতাধিক শিক্ষার্থী এ মিলনমেলায় অংশ নেন।

টাঙ্গাইল জেলা সমিতির (টাজেস) সভাপতি ও পরিবেশ ইনস্টিটিউট বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, জেলা সমিতির মূল উদ্দেশ্য একে অপরের সঙ্গে পরিচিত হওয়া। শিক্ষার্থীদের মাঝে যারা দরিদ্র ও মেধাবী তাদের সাথে জনপ্রতিনিধি ও শিক্ষকদের মিলিত করা। যাতে তাদের সমস্যায় জনপ্রতিনিধি ও শিক্ষকগণ সহায়তা করতে পারেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে টাজেস সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স বিভাগের সভাপতি অধ্যাপক ড. জি. এম. শফিউর রহমান বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমের সঙ্গে তোমাদের সম্পৃক্ত হতে হবে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাহলেই আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারবো।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণ মূলক বক্তব্য দেন গণিত বিভাগের অধ্যাপক ড. হারুনর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জুয়েল মামুন। অতিথিরা এ মিলনমেলায় সপরিবারে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ফলিত গণিত বিভাগের প্রভাষক মো আসাদুজ্জামান, পোস্টাল একাডেমির সহকারী পরিচালক জিয়াউর রহমান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version