Site icon News Tangail | নিউজ টাঙ্গাইল

রিমান্ড শেষে ফের আদালতে পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত সুপারস্টার নায়িকা পরীমনিকে একদিনের রিমান্ডশেষে আবারও ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সরেজমিনে দেখা যায়, আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে পরীমনিকে একটি মাইক্রোবাসে করে আদালতে নেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর আগে গত বৃহস্পতিবার চিত্রনায়িকা পরীমনিকে বনানী থানার মাদক মামলায় তৃতীয় দফায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

সেদিন শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু আদালতকে বলেছিলেন, পরীমনির বাসা থেকে বিদেশি মদসহ নতুন ধরনের মাদক আইস ও এলএসডি পাওয়া গেছে। ভয়াবহ এ মাদকের উৎস জানার জন্য পরীমনিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। এর আগে পরীমনি বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন।

পরীমনির আইনজীবী মুজিবুর রহমান আদালতকে বলেছিলেন, ইতিমধ্যেই পরীমনিকে দুই দফা মোট ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। নতুন করে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করার কিছু নেই। কেন তাঁকে বারবার রিমান্ডে নিতে হবে? যদি জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন হয়, তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার সুযোগ রয়েছে। এরপর তিনি পরীমনির জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেন।

আদালতে তিনি বলেন, পরীমনি একজন নারী। তিনি অসুস্থ। পলাতক হবেন না। নারী বিবেচনায় তাকে জামিন দেওয়া হোক। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে পরীমনিকে তৃতীয় দফায় এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন এবং তার জামিন আবেদন নাকচ করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।
Exit mobile version